বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৮

গাজীপুরে অটোরিকশা উল্টে গিয়ে ১ জন নিহত 

গাজীপুর, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মহানগরীর টঙ্গীতে দ্রুতগতির একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার সকালে টঙ্গীর টিএনটি জাভান হোটেলের সামনে এ দুর্ঘটন ঘটে। 

নিহত জয়নাল আবেদীন ময়মনসিংহের নান্দাইল থানার আব্দুল জব্বারের ছেলে। তিনি টঙ্গীর টিএনটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জয়নাল আবেদীন রোনপোলেক্স ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৬ টার দিকে অটোরিকশা করে অফিসের উদ্দেশে বের হন জয়নাল আবেদীন। পথে টঙ্গীর টিএনটি এলাকায় পৌঁছালে দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে জয়নাল আবেদীন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বাসসকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।