বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৩

ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’

জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বেলা ১১ টায় ঝালকাঠি শিশু একাডেমি হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঝালকাঠি, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি, অগ্রাধিকার কর্মসূচি এবং জনগুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে ঝালকাঠিতে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় ঝালকাঠি শিশু একাডেমি হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি প্রচারের লক্ষ্যে এর আয়োজন করা হয়।

সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীদের জন্য গাড়ি, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে গান পরিবেশন করা হয়। পাশাপাশি এসব কর্মসূচির উদ্দেশ্য ও সুফল সম্পর্কে উপস্থিত শিশু শিল্পী ও অভিভাবকদের ধারণা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম, স্বরলিপি সংগীত একাডেমির সভাপতি মো. ফারুক হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী, শিশু শিল্পীসহ অভিভাবকগণ। 

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং এসব কর্মসূচির বিষয়ে ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে আয়োজকেরা জানান।