বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫০

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: বাসস

ঝিনাইদহ, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড.এমএ মজিদ। 

এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন।

এ সময় নেতৃবৃন্দ উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ শেষে বিদ্যালয় আয়োজিত অভিভাবক সমাবেশে যোগ দেন জেলা বিএনপি নেতা কর্মীরা।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারাদেশে সবুজ বিপ্লব সৃষ্টি করা হবে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বৃক্ষরোপণের ব্যাপারে আগ্রহী করে তোলা ও সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।