শিরোনাম

নারায়ণগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের সাতটি শিল্পপ্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ সিদ্ধান্ত নেয়।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পাঠানো তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এর বিভিন্ন ধারায় এ জরিমানা ধার্য করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফতুল্লার কুতুবপুরের নয়ামাটিতে অবস্থিত এবলুম ডিজাইন লিমিটেডকে সর্বোচ্চ ৬ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া রূপগঞ্জের কেশরাব এলাকার রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা, রূপগঞ্জের আটলাপুরের ট্রেডস ওয়ার্থ হাউজ ভোল্ড লিমিটেডকে ৪ লাখ ৯০ হাজার টাকা এবং সোনারগাঁয়ের মেঘনাঘাট নিউটাউনের বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে ২ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফতুল্লার কাইয়ুমপুরের মেসার্স সানলাইট ডাইং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকা, নারায়ণগঞ্জের দেওভোগ বাংলাবাজারের কোয়ালিটি টেক্সটাইলকে ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা এবং বন্দরের কুড়িপাড়া মদনপুরের স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় আইনের প্রয়োগ নিশ্চিত করতে জেলাজুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।