শিরোনাম

জয়পুরহাট, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলায় আজ জয়পুরহাট সুগার মিলসের ২০২৬-২০২৭ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে।একই সঙ্গে এই চিনিকলের আওতাধীন ১০টি সাবজোনের ৮৮টি ইউনিটে একযোগে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সদর সাবজোনের ১ ও ২ নম্বর ইউনিটের আখচাষীদের জমিতে এসটিপি (সুগারকেন ট্রেঞ্চ পদ্ধতি) ও সরাসরি পদ্ধতিতে আখ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা হয়।
সদর সাবজোনের আখচাষী তরিকুল ইসলাম, কাঞ্চন ও আলম হোসেনের জমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট সুগার মিলস লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পিডিএম) কৃষিবিদ মো. আমিনুল ইসলাম।
জয়পুরহাট সুগার মিলস-এর মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ আব্দুর রউফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মিলের মহাব্যবস্থাপক (কারখানা) আব্দুর রাজ্জাক, মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ) ইশতিয়াক আহমেদ রাজীব, ডিজিএম (সম্প্রসারণ) প্রবীর মল্লিক, ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো) এ কে এম শফিউল আযম, ডিএম (সিপি) লিটন কুমার মন্ডল, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার ও সাধারণ সম্পাদক জায়েদ হোসেন সহ স্থানীয় আখ চাষীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি ২০২৬-২০২৭ রোপণ মৌসুমে জয়পুরহাট সুগার মিলস -এর আওতাধীন এলাকায় মোট তিনহাজার সাতশ’ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।চাষীদের উৎসাহিত করতে মিলগেটে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬৫১ টাকা এবং বাহির কেন্দ্রে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।