বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১২:২৬

গাইবান্ধায় চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধংস

সাঘাটা উপজেলার তেনাছিড়া বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দ জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধংস করা হয়। ছবি: বাসস

গাইবান্ধা, ২৫ অগাস্ট, ২০২৬ (বাসস): গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের তেনাছিড়া বিলে অভিযান চালিয়ে ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধংস করা হয়েছে।
‎গতকাল সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সাঘাটা থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সাঘাটা উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান। অভিযানের সময় তেনাছিড়া বিলের বিভিন্ন স্থানে ব্যবহার করা ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধংস করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার কারণে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান বাসস’কে বলেন, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার ফলে মাছের পোনা, দেশীয় প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।