শিরোনাম

ঝিনাইদহ, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলন্ত বাসে ডাবের পানি পান করিয়ে এক শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালংকার লুটের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার রাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ অভিযানে গাজীপুর ও মাগুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-খুলনার ফুলতলা উপজেলার আলকা দামোদর গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৪০) ওরফে ‘মলম দুলাল’ ও মাগুরা সদর উপজেলার বোগিয়া গ্রামের হাসেম খানের ছেলে তিলক খান (৪৪)।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ জুন যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাসে কোটচাঁদপুরে ফিরছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। কোটচাঁদপুরের এলাঙ্গী বাজার এলাকায় পৌঁছানোর আগে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ডাবের পানি পান করতে দেন। পানি পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার স্বামী বাসে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার পরিহিত স্বর্ণের চেইন, আংটি ও খাড়ু নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ৩০ জুন কোটচাঁদপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৯, ধারা ৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোডে দায়ের করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে ঝিনাইদহের পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশকে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় তদন্তকারী দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে।
পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী থানা এলাকায় এবং মাগুরা সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুলাল হাওলাদার ও তিলক খানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে মানুষকে অচেতন করে লুট ও ছিনতাইয়ের অপরাধ সংঘটনের একাধিক মামলা রয়েছে।