শিরোনাম

টাঙ্গাইল, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : টাঙ্গাইলের ভূঁঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে ভূঁঞাপুরে নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেনকে (৪৬) ১ লাখ টাকা এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল (৪৬), বরিশালের বানারিপাড়ার জামাল (৬৩), উজিরপুরের গিয়াস (৩৫), বরগুনা সদরের বাদল (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন (৫২) ও বরগুনা সদরের রিয়াজুল (২২) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বাসস’কে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ ব্যক্তিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঁঞাপুর থানার এস আই রুবেল, নৌ পুলিশের এস আই আবুল কালাম আজাদ ও তাদের সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।