শিরোনাম

ময়মনসিংহ, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস): পোষা বিড়াল মারা যাওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনায় আফরিন রশিদ সেজুতি (২০) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার সকালে ময়মনসিংহ নগরের আকুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেজুতি ময়মনসিংহ নগরের মাসকান্দা নতুন বাজার রোড এলাকার বাসিন্দা। তিনি ডা. হারুন অর রশিদের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে কোতোয়ালি মডেল থানার একটি দল ঘটনাটি তদন্ত শুরু করে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে হামলার সঙ্গে জড়িত আফরিন রশিদ সেজুতিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আহত পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল-মামুন বাসসকে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।