শিরোনাম

নারায়ণগঞ্জ, ২৩ আগস্ট, ২০২৬ (আগস্ট): জেলার বন্দরে আবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার দায়ে মোজাম্মেল হক বাবু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক বাবু বন্দর উপজেলার নূরপাদ্দি এলাকার মোস্তফার ছেলে। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ ও আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কে এ এম টুটুল চৌধুরীর দেওয়া তথ্যমতে, নিহত আবুল হোসেন পরিবার নিয়ে নূরপাদ্দি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
২০১৯ সালের ১২ মে সকালে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে আসামি আবুল হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।