শিরোনাম

কুমিল্লা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়।
আজ রোববার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কোম্পানি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ রোববার ভোরে দুটি পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ টহল দল।
এর মধ্যে ভোর ৪টা ১০ মিনিটের দিকে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির বিশেষ টহল দল সীমান্তের প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। অন্যদিকে, ভোর ৪টা ৩০ মিনিটের দিকে আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মালিকবিহীন অবস্থায় থাকা যানবাহন তল্লাশি করে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করে বিজিবি।
জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মোট মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।