শিরোনাম

বগুড়া, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা শহরের মাটিডালী করোতোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৭ হাজার ৫০০ টাকাসহ মো. মনোয়ার হোসেন মোহন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে বগুড়া সদর থানাধীন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল তাকে নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মনোয়ার হোসেন মাটিডালী করোতোয়াপাড়া এলাকার মো. হারুন অর রশীদের ছেলে।
মামলা সূত্রের বরাত দিয়ে অভিযানে নেতৃত্ব দেয়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তোজাম্মেল হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নৈশকালীন টহল এবং বিশেষ মাদকবিরোধী অভিযান ডিউটিকালীন তারা গোপন সংবাদ পান যে, মনোয়ার নিজ বাড়িতে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট মজুত করে অবস্থান করছেন।
খবরটি বগুড়া সদর থানার ওসিকে অবহিত করে তার নির্দেশক্রমে স্থানীয় নিরপেক্ষ সাক্ষী ও সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হলে আসামি তার শয়নকক্ষের তোষকের নিচে রাখা একটি ব্যাগ থেকে নিজ হাতে ২১টি সাদা পলিথিনের প্যাকেট বের করে দেন। ডিজিটাল পরিমাপযন্ত্রে মেপে প্রতিটি প্যাকেটে ১০০ পিস করে মোট ২ হাজার ১০০ পিস (ওজন ২১০ গ্রাম) ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তার পরিহিত পোশাকের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।
এসআই তোজাম্মেল হোসেন বাসসকে বলেন, ‘উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ সকাল ৮টা ১০ মিনিটে স্থানীয় সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আলামত হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল।’
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।