শিরোনাম

নাটোর, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম বিষয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ বৈঠকে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল।
জেলা তথ্য কর্মকর্তা মো. আ. আওয়ালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (সংগীত) তাসলিমা আক্তার এবং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে সরকার কাজ করছে। পাশাপাশি নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তারে পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের সংগীত দল বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় ও জনগনের করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করে।