বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ১৫:৫৭

কুমিল্লায় মরিয়ম হত্যা মামলায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন

কুমিল্লা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার নাঙ্গলকোটে গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় তার শ্বশুর, শাশুড়ি ও দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার অপর আসামি নিহতের স্বামী আবদুল মতিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামের বাসিন্দা ও নিহত মরিয়ম বেগমের শ্বশুর আবদুল মমিন, শাশুড়ি ফাতেমা বেগম এবং দেবর মো. নিজাম।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) মো. ইকরাম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে মরিয়ম বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা সোলেমান বাদী হয়ে নাঙ্গলকোট থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইকরাম হোসেন বাসসকে বলেন, দীর্ঘদিন বিচারিক কার্যক্রম চলার পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় নিহতের স্বামীকে খালাস দেয়া হয়েছে।