বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৩:৫৩

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ।ছবি: বাসস

জয়পুরহাট, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তর অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চালক ও পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন কয়েকশ’ যাত্রী।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নীচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।

ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন বাসস’কে জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।

এদিকে আকস্মিক এই বিকলের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাময়িক এই স্থবিরতায় আশপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

উদ্ধার তৎপরতা সম্পর্কে বরেন্দ্র ট্রেনের পরিচালক বাসস’কে জানান, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে রিলিফ ট্রেনের (উদ্ধারকারী ট্রেন) জন্য খবর দেয়া হয়েছে। খবর পেয়ে ইতোমধ্যেই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে উদ্ধার কাজ শেষ করে কবে নাগাদ ট্রেনটি পুনরায় সচল হবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হবে, এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। বেলা ১২টা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।