শিরোনাম

খুলনা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় হোসনে আরা নীলা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার খুলনার নগরীর মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার মৃত হাওলাদার আরশাদ আলীর মেয়ে। তিনি খুলনা নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি ২১ নম্বর রোডের ৩৩৭ নম্বর ভবনে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গৃহস্থালি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসা থেকে বের হন নীলা। মুজগুন্নি রোডের মাথায় প্রধান সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বাসস’কে বলেন, দুর্ঘটনার পর গড়াই পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বাসটি কুষ্টিয়া থেকে খুলনার সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।