শিরোনাম

নেত্রকোণা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : জনস্বার্থ রক্ষা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,নিষিদ্ধ জাল নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার কলমাকান্দা, মোহনগঞ্জ, দুর্গাপুর ও সদর উপজেলায়ন দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বুধবার দিনব্যাপী জেলা প্রশাসনের সমন্বিত এ অভিযানে ভুয়া ডাক্তার, মাদক কারবারি, অবৈধ দখলদার ও নিষিদ্ধ জাল বিক্রেতাদের সাজা প্রদানের পাশাপাশি জরিমানা এবং মালামাল জব্দ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন. এম. আবদুল্লাহ-আল-মামুন কলমাকান্দা উপজেলার উজিয়াখালী বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩ হাজার ঘনফুট বালু জব্দ করে সরকারি উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য উপজেলা প্রকৌশলীর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া একই অভিযানে উজিয়াখালী বিল থেকে ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল অপসারণ করে ঘটনাস্থলেই ধংস করা হয়।
এদিকে, মোহনগঞ্জ উপজেলার পৌরসভাস্থ হাসপাতাল এলাকায় ভুয়া দন্ত চিকিৎসার অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে একজনকে ১মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং একটি অবৈধ ডেন্টাল ক্লিনিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাদক নিয়ন্ত্রণ আইনে অপর একজনকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. কাদের।
নেত্রকোণা সদর উপজেলার বড়বাজার এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ‘আবিদ ট্রেডার্স’কে ৪০হাজার টাকা এবং ‘আয়েশা ট্রেডার্স’কে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আশরাফুল্লাহও নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি অভিযান পরিচালনা করেন।
একই কর্মকর্তা নেত্রকোণা সদর উপজেলার মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে রাস্তার দুই পাশে অবস্থিত প্রায় ২০টি অবৈধ অস্থায়ী দোকান অপসারণ করেন। পৌরসভার সহযোগিতায় দোকানের ছাউনি, বাঁশ, অবৈধ বৈদ্যুতিক সংযোগের তার ও আবর্জনা অপসারণ করে পথচারী চলাচলের রাস্তা সচল করা হয়।
অন্যদিকে,দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এছাড়াও নেত্রকোণা সদর উপজেলার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অপরাধে ২ জনকে অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।
এসব অভিযানে সহযোগিতা করেন পুলিশ সদস্যরা।
জনস্বার্থবিরোধী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত বজায় থাকবে বলে জানিয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।