বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৪:১৫

ঝালকাঠিতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু 

আজ সকাল ১০টায় শহরের পূর্ব চাঁদকাঠি ভিআইপি সড়কসংলগ্ন খাল পরিষ্কারের মধ্য দিয়ে অভিযান শুরু হয়।ছবি: বাসস

ঝালকাঠি, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ঝালকাঠি পৌরসভায় শুরু হয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শহরের বিদ্যমান ৯টি খাল পর্যায়ক্রমে পরিষ্কার করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

আজ বুধবার সকাল ১০টায় শহরের পূর্ব চাঁদকাঠি ভিআইপি সড়কসংলগ্ন খাল পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, ঝালকাঠি পৌর প্রশাসক জুলিয়া সুকায়না। 

পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, শুধু খাল ও ড্রেন পরিষ্কার করলেই হবে না, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ির ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে অথবা নির্ধারিত স্থানে ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

পৌরসভা সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার ৯ টি খাল পরিষ্কার করা হবে। একই সঙ্গে খাল ও ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, খাল পরিষ্কারের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।