শিরোনাম

কুষ্টিয়া, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ এসব মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫শ’ টাকা।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ এবং অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধে ১৬ ও ১৮ আগস্ট সীমান্তের পৃথক এলাকায় অভিযান চালানো হয়।
এরমধ্যে ১৬ আগস্ট রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পরিমাপ করে ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল ও ৪ হাজার ৮৪৫ কেজি চায়না জাল পাওয়া যায়। পরে বিধি অনুযায়ী জালগুলো পুড়িয়ে ধংস করা হয়।
এছাড়া মঙ্গলবার রাত ১টা ৫০মিনিটের দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিহত করতে ৪৭ বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।