বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫০

চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এ সময় জেলা প্রশাসক বলেন, নদী ভাঙনরোধে সরকারের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন কমার পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকারি এ সহায়তা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।