বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ২১:৪১

ভোলায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): সদর উপজেলার আলীনগরে স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সিকে হত্যার দায়ে স্ত্রী নুর নাহার বেগমকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোর রাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল নামক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

মৃত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে টিটব তার দ্বিতীয় স্ত্রী নুর নাহার বেগমের বাড়িতে গিয়ে হত্যার শিকার হন। 

ফরহাদ প্রথম স্ত্রী মাহমুদা বেগমের সাথেই বেশিরভাগ সময় বসবাস করতেন। এ বিষয়টি নিয়ে দ্বিতীয় স্ত্রী নুর নাহারের সঙ্গে নানা সময় বাগবিতণ্ডা হতো। পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে ২৪ অক্টোবর ভোর রাতে নুর নাহার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে বিচারক আসামি নুর নাহার বেগমকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন-অতিরিক্ত পিপি মো. হাবিবুর রহমান বাচ্চু এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. এনামুল হক।

আসামিপক্ষের আইনজীবী এনামুল হক গণমাধ্যমকে জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।