বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ২১:২১

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

ফরিদপুর, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাফিস শেখ নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু সুমন শেখ।

আজ মঙ্গলবার দুপুর ২টায় ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিস উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি ঢাকার মাইলস্টোন কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষে প্রায় সাত দিন আগে নাফিস একটি মোটরসাইকেল কেনেন।

মঙ্গলবার দুপুরে বন্ধু সুমন শেখকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন তিনি। এ সময় গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে যায়। এতে নাফিস ও সুমন গুরুতর আহত হন।

পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিসকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাসসকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।