বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৬

সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলো পঞ্চগড়ের শিক্ষার্থীরা

ছবি: বাসস

পঞ্চগড়, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোন আসক্তিকে একযোগে লাল কার্ড দেখালো দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কয়েক শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থী।
 
আজ সোমবার উপজেলার নৃপেন্দ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করে। বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠান হয়। পাশাপাশি এসময় চরিত্র গঠনের শপথ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
 
ব্যতিক্রমী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা সেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম প্রমুখ। 

লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। 

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন বলেন, আমরা শিক্ষকরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করছি। লাল সবুজ উন্নয়ন সংঘ যে শপথ ও লাল কার্ডের আয়োজন করেছে সামাজিক অবক্ষয়ের রোধে এটি একটি সুন্দর উদ্যােগ। এভাবে সবাই সচেতন হলে এবং নিজ নিজ জায়গায় যদি সচেতনতা তৈরি করি তাহলে নতুন প্রজন্ম মাদক, অপরাধসহ সামাজিক অবক্ষয় ও অভিশপ্ত জীবন থেকে দূরে থাকবে। 

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বাসসকে বলেন, শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন,মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একটি এটি একটি প্রশংসনীয় বিষয়। 

আমরা চাই আমাদের শিক্ষার্থী তথা নতুন প্রজন্ম সকল সামাজিক অবক্ষয়, অপরাধ থেকে বিরত থাকুক। সবাইকে এভাবেই এগিয়ে আসতে হবে।