শিরোনাম

সাতক্ষীরা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিম এবং বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এ সাইকেল র্যালির আয়োজন করে।
র্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
এসময় অংশ গ্রহণকারীরা ‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়’, ‘বৃক্ষনিধন বন্ধ করুন’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাঁটলে সর্বনাশ’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’, ‘পানি দূষণ বন্ধ করো’, ‘ফুল-পাখি-গাছ ও পুকুরের নগর চাই’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করে।
র্যালি পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য আজমিরা খাতুন, রাফিদ রাহি, তাপস মন্ডল, আবু তায়ের প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তারা বলেন, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। বর্তমানে যে তাপ প্রবাহ চলছে তার অন্যতম প্রধান কারণ বৃক্ষ নিধন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে।
দূষণমুক্ত পরিবেশ এবং মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান বক্তারা।