বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১২:৪৫
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১২:৫৪

চাঁদপুরে এলপিজি স্টেশনে অবৈধ গ্যাস রিফিল; মালিককে লাখ টাকা জরিমানা

রোববার দুপুরে উপজেলার জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। ছবি: বাসস

চাঁদপুর, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : চাঁদপুরের ফরিদগঞ্জে অটোমোবাইল এলপিজি ফিলিং স্টেশনে বেআইনি ও ঝুঁকিপূর্ণভাবে গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিল করায় এক ফিলিং স্টেশন মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার দুপুরে উপজেলার জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো ধরনের লাইসেন্স বা আইনগত অনুমোদন ছাড়াই ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ উপায়ে বাসাবাড়ির রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি করে আসছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফরিদগঞ্জ থানা-পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সিলিন্ডারে গ্যাস রিফিলের প্রমাণ পাওয়া যায়।

পরে লাইসেন্স না থাকা এবং বিপজ্জনক প্রক্রিয়ায় গ্যাস রিফিল করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সিলিন্ডারে গ্যাস রিফিলের অবৈধ কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়। ভবিষ্যতে এমন কার্যক্রম করবেন না-এ মর্মে স্টেশন মালিক লিখিত মুচলেকা দেন।

সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বাসস’কে বলেন, ঝুঁকিপূর্ণ উপায়ে রান্নার গ্যাসের সিলিন্ডার রিফিল করা আইনের চরম লঙ্ঘন। এ ধরনের কার্যক্রম যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান, থানার সহকারী উপপরিদর্শক সগীর আহমেদসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।