বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ২৩:৫০

খালেদা জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপলাভ করে : কেসিসি প্রশাসক 

ছবি: বাসস

খুলনা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। এরপর মরহুমা বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন। দেশে তাঁর হাত ধরেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।

আজ রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জুলাই বিপ্লবের পর তাঁরই (খালেদা জিয়া) যোগ্য উত্তরসূরি তারেক রহমান জনগণের রায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও সুস্থ ধারার নতুন রাজনীতি নিয়েই এগিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ উপহার দেবেন। 

সংগঠনের মহানগর সভাপতি নিয়াজ আহমেদ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রেসকাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি মির্জা মাসুদুর রহমান ও সহসভাপতি পারভিন সুলতানা মিতু।