বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ২১:৩১

নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বায়ুদূষণ বিরোধী অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট একলাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা এ অভিযানে নেতৃত্বে দেন। 

এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে সদর উপজেলার কুতুবপুরের পিলকুনিতে অবস্থিত আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একলাখ টাকা, মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং নন্দলালপুরের সাজ্জাদ ইন্টারলাইনিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা জানান, অভিযানকালে বায়ুদূষণ করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট একলাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।