শিরোনাম

ঢাকা দক্ষিণ, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : বিদেশে পাঠানোর নামে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর অপহরণ এবং বিপুল পরিমাণ মুক্তিপণ আদায়ের পরও শেষ রক্ষা হলোনা প্রতারক চক্রের।
এ ঘটনায় টানা নয় দিন ঘরে শিকলবন্দি ও অমানবিক নির্যাতনের শিকার মো. নিলয় শিকদার (৩৫) নামের এক যুবককে উদ্ধার করেছে র্যাব-১০। একই সঙ্গে চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুরে কেরানীগঞ্জস্থ র্যাব-১০ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, অপহরণ চক্রের মূলহোতা মো. ফেরদৌস উর রহমান (৪২)। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার রঘুনন্দনপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। অপর আসামি মহুয়া আহমেদ (৩২) একই জেলার গোয়ালচামট গ্রামের মহিউদ্দিন আহমেদের ছেলে এবং আরেক আসামি এস এম মনোয়ার (৩৬) মুন্সীডাঙ্গী গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। উদ্ধার হওয়া নিলয় শিকদার যশোরের ঝিকরগাছা থানার মহেষপাড়া গ্রামের মৃত আবু খায়েরের ছেলে।
র্যাব জানায়, গতকাল শনিবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়।
এসময় মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্যে রোববার শেষ রাতে অপর সদস্যকে গ্রেফতার করে র্যাব।
র্যাব আরও জানায়, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিলয় শিকদারের কাছ থেকে পাসপোর্টসহ কয়েক দফায় ৫ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। তবে বিদেশে না পাঠিয়ে গত ৬ আগস্ট তাকে অপহরণ করা হয়। পরবর্তীতে পরিবারের কাছে আবারও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়।
নিলয়ের জীবন বাঁচাতে বিভিন্ন বিকাশ নম্বরে ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায় স্বজনরা। তবে তাকে মুক্তি না দিয়ে পুনরায় অতিরিক্ত ৫ লাখ টাকা দাবি করে চক্রটি। পরবর্তীতে ভিকটিমের শ্বশুর ঝালকাঠির কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে তদন্তে নামে র্যাব-১০।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি দল চরকমলাপুরের একটি ভবনে অভিযান চালায়। সেখানে একটি বদ্ধ ঘরে পায়ে শিকল ও তালাবদ্ধ অবস্থায় নিলয়কে পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ৯ দিন ধরে তাকে দিনে মাত্র একবেলা খাবার দেওয়া হতো এবং প্রতিরাতে অমানবিক নির্যাতন চালানো হতো। নির্যাতনের আর্তচিৎকার যেন বাইরে না যায়, সেজন্য উচ্চশব্দে সাউন্ডবক্স বাজাতো অপহরণকারীরা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, অভিযানে ভিকটিম নিলয় শিকদারকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় আসামিদের কাছ থেকে ২টি লোহার শিকল, চাবিসহ ২টি তালা, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু, ৬টি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।