বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৮:১০

নোয়াখালীতে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ

ছবি : বাসস

নোয়াখালী, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

রোববার দুপুরে সুধারাম মডেল থানা ও নোয়াখালী পৌর এলাকার বাসিন্দাদের আয়োজনে স্থানীয় ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র‌্যালিটি শুরু হয়ে সুধারাম মডেল থানার সামনে এসে শেষ হয়।

পরে সুধারাম মডেল থানার সামনে অনুষ্ঠিত সমাবেশে মাদকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।