বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ২১:৫৬

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

বগুড়া, ৫ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার কাহালুতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জান্নাতুল ফেরদৌস (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার দুপুর ১টায় উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের আবু জাফর প্রামাণিকের স্ত্রী। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি একই ইউনিয়নের মাগুরা দক্ষিণপাড়া গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে আবদুল খালেক (৫৫)।

জানা গেছে, দুপুর ১টার দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। 

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল খালেক বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বাসসকে জানান, একজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং আরও একজন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।