বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ২০:৫০

চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যাত্রীর মৃত্যু, আহত ৩

চাঁদপুর, ৫ আগস্ট, ২০২৬ (বাসস): সদর উপজেলায় জৈনপুর পরিবহনের যাত্রীবাসী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে বাবুরহাট-পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত নুরুল আমিন কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা। 

আহতরা হলেন-জেলার মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজিচালক রায়হান (৩০) ও বাইশপুরের মো. কবির (৪০)।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহত সকলকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে অটোরিকশাচালক রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর হয়েছে।

স্থানীয় বাসন্দিা ও আহতরা জানান, দ্রুতগামী জৈনপুর পরিবহনের বাসটি চাঁদপুরে আসার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই নুরুল আমিন নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বাসসকে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবার থেকে এখন পর্যন্ত কেউ আসেনি। আহতদের চিকিৎসার চলছে। জৈনপুর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।