বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ২১:৪৫
আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২১:৫৪

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

আজ বুধবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : জাতীয় সংসদ

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।

আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। 

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি বলেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বর্ষা বিপ্লবকে আমরা হৃদয়ে ধারণ করবো।

হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়তে হবে। এসময় তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বক্তারা প্রত্যেকেই সকল মতপার্থক্য নির্বিশেষে পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।