বাসস
  ৩০ জুলাই ২০২৬, ২০:১৩

গাইবান্ধায় পিপি-জিপিসহ ৫০জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

ছবি : বাসস

গাইবান্ধা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): জেলার বিভিন্ন আদালতে পিপি ও জিপিসহ ৫০ আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একই আদেশে আগের নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করা হয়। তাদের নিজ নিজ দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। 

আজ বিকেলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ কোর্টের সদ্য নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করছেন। 

গত মঙ্গলবার (২৮ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইনের সই করা এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

এর মধ্যে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের জিপি (সরকারি কৌসুঁলি) হিসেবে মো. রফিকুল ইসলাম বুলু নিয়োগ পেয়েছেন। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে চারজন এবং সহকারী জিপি হিসেবে ১৫ জন নিয়োগ পেয়েছেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে মো. মিজানুর রহমান মিজান এবং তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৬ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন। এছাড়া জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে ১৫ জন এবং সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে ৮জন নিয়োগ পেয়েছেন।