বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৬:৫৫

পদ্মায় নৌকাডুবির ২ দিন পর বাবা-ছেলের লাশ উদ্ধার

রাজশাহী, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): জেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনার দু’দিন পর পৃথক স্থান থেকে নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে রাজশাহীর কাটাখালি থানার শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা ও নৌকার মাঝি কাওসার আলীর (৬০) ও দুপুরে রাজশাহীর পবা থেকে তার ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয় বলে বাসস’কে জানান, নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চর মাজারদিয়ার এলাকা থেকে আটজন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি পদ্মার মাঝনদীতে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পানিতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই ছয়জন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌকার মাঝি কাওসার আলী ও তার ছেলে নিখোঁজ হন।

এরপর তাদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়।

পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশী ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে কাওসার আলীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হলে নৌ পুলিশ গিয়ে তা উদ্ধার করে। অন্যদিকে, বেলা ১টার দিকে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকার নদী থেকে ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

নদীতে প্রবল স্রোত থাকায় মরদেহ দু’টি দুর্ঘটনাস্থল থেকে বহু দূরে ভেসে যায়। মরদেহ দু’টি ইতোমধ্যেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।