শিরোনাম

কুড়িগ্রাম, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : নিরাপদ সড়কের জন্য চালকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। একজন সুস্থ চালকই পারেন শত শত যাত্রীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে। তাই অবহেলা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।
কুড়িগ্রামে পেশাজীবী গাড়িচালকদের দিনব্যাপী হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এ আলোচনা সভা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিআরটিএ-র সহকারী পরিচালক শফিকুল আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ড. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা এবং স্থানীয় ট্রাফিক পরিদর্শক মঞ্জুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ওজন নিয়ন্ত্রণ, চোখের সঠিক যত্ন নেওয়া এবং বেপরোয়া হর্ন বাজানোর ফলে সৃষ্ট শব্দদূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। দুর্ঘটনা এড়াতে ও সার্বিক স্বাস্থ্যঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
দিনব্যাপী এ আয়োজনে জেলার অর্ধশতাধিক পেশাজীবী গাড়িচালক অংশগ্রহণ করেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে চালকদের চোখ, রক্তচাপ ও শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়।