বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৯:৩০

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল মালিকদের ফিরিয়ে দিলো রাজশাহীর পুলিশ

ছবি : বাসস

রাজশাহী, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। 

আজ সোমবার সকালে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।

রাজশাহীর ৮টি থানায় ফোন হারানো ৫০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার, কার্যালয়ের আইসিটি শাখা ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে। 

এরমধ্যে রয়েছে ভিভো ১০টি, স্যামস্যাং ৯টি, শাওমি ৮টি, রিয়েলমি ৯টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৩টি, অপপো ৩টি, ওয়ান প্লাস ১টি, নোকিয়া ১টি, ও হনর ২টি।

অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকের কাছে উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকরা জেলা পুলিশের এই ভালো কাজের প্রশংসা করেন।