বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৮:২৭

গোপালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ 

ছবি: বাসস

গোপালগঞ্জ, ২৭ জুলাই ২০২৬ (বাসস): জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা ও সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম জানান, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট তিনলাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। পাশাপাশি গৃহ পুনঃনির্মাণের জন্য বাকি ২৫টি পরিবারের প্রত্যেককে ছয়হাজার টাকার চেক এবং দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে।