বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১৫:১৪

পটুয়াখালীতে অবৈধ জাল জব্দ 

ছবি: বাসস

পটুয়াখালী, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার রাঙ্গাবালী উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য দপ্তর ও রাঙ্গাবালী থানা পুলিশ যৌথভাবে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, গহিনখালী, হরিদ্রাখালী, সাজির হাওলা, কাউখালী, নয়াভাংগুনি ও ফুলখালী এলাকায় এ অভিযান চালায়।

অভিযানকালে নদী ও খালের বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। এসব অবৈধ জালের ব্যবহারের ফলে মা মাছ ও পোনা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে, যা স্থানীয় নদ-নদীর মৎস্যসম্পদের জন্য চরম হুমকি।

মৎস্যসম্পদ সুরক্ষা ও টেকসই উৎপাদনের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বাসস-কে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।