শিরোনাম

নড়াইল, ২৬ জুলাই ২০২৬ (বাসস):‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ থেকে সাত দিনব্যাপী ‘বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ শুরু হয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলা ও বৃক্ষ রোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করছে। আজ ২৬ জুলাই থেকে আগামী ১ আগস্ট পর্যন্ত এ মেলা চলবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, জীবন রক্ষাকারী অক্সিজেনের ঘাটতি মেটাতে ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি প্রতিটি পরিবারে কমপক্ষে একটি করে গাছ লাগানোর তাগিদ দিয়ে চলতি বর্ষা মৌসুমেই সবাইকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার অনুরোধ জানান।
তিনি উপস্থিত অতিথিদের সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
সহকারী বন সংরক্ষক কাজী ইশতিয়াক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মো. আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, মেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকরা অংশগ্রহণ করছেন। এ মেলায় ১৪টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর ফলে সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীরা কম খরচে ও সহজে ছাদবাগান কিংবা পারিবারিক বনায়নের জন্য পছন্দসই গাছ সংগ্রহের সুযোগ পাচ্ছেন। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসাধারণের মধ্যে বৃক্ষ রোপণের সচেতনতা বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।