বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১৩:১৬
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৩:২৮

খুলনায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে এমইউজে নেতাদের মতবিনিময়

শনিবার সন্ধ্যায় নগর বিএনপি কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে এমইউজে নেতাদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

খুলনা, ২৬ জুলাই ২০২৬ (বাসস): মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। গতকাল শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগর বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নগর বিএনপি সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এজন্য সাংবাদিকদের যে কোনো কর্মসূচির সাথে বিএনপির একাত্মতা থাকবে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এজন্য তিনি সচেতন সাংবাদিকসহ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ শহরে দুর্বৃত্তায়ন করতে চাইলে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এজন্যও তিনি এমইউজে নেতৃবৃন্দকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি ও নির্বাহী সদস্য মো. এরশাদ আলী প্রমুখ।

মতবিনিময় সভায় সাম্প্রতিক নগরীতে চারজন সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা এবং এমইউজের চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করা হয়। বিএনপি নেতারা এমইউজে নেতৃবৃন্দকে এ ব্যাপারে আরো কঠোর কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন। যেসব কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেন।

এর আগে বিকেলে এমইউজে খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।