শিরোনাম

রংপুর, ২৬ জুলাই ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে মনোনীত করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপির রংপুর মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের সাংগঠনিক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মাসুদ রানা বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর মৃত্যুর পর পদটি শূন্য হয়ে পড়ায় অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হলো।
অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ১৯৪৮ সালের ১৬ ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা পরিতোষ চক্রবর্তী ১৯৭০ সালে কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তিনি ১৯৯৫ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর রংপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ১৯৯৬ সাল থেকে বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া ২০২৪ সাল থেকে তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে রংপুর, দিনাজপুর ও জয়পুরহাট জেলার দায়িত্ব পালন করছেন।