বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১১:০০

আরপিএমপির ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৬ জন গ্রেপ্তার

প্রতীকী ছবি

রংপুর, ২৬ জুলাই ২০২৬ (বাসস): রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, হেরোইন, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও পুলিশ চুরি হওয়া একটি মোটরসাইকেল, দুটি পানির পাম্প, একটি পাম্প মোটর ও অটোরিকশার যন্ত্রাংশ উদ্ধার করে।

আরপিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় ২ থেকে ২৫ জুলাই মহানগরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি, মাদক কারবারি ও সেবনকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে মোট ২ গ্রাম হেরোইন, ৮০০ গ্রাম গাঁজা, ৩০টি ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আরপিএমপি জানায়, মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।