শিরোনাম

মাদারীপুর, ১৯ জুলাই ২০২৬ (বাসস): জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগম (৬০) কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদার (৬৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, এই কলহের জের ধরেই স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করেন। তিনি জানান, এ ঘটনায় কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।