শিরোনাম

রংপুর, ১৮ জুলাই ২০২৬ (বাসস): মহানগরীর কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি, নারী ও শিশু নির্যাতন, সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, গতকাল শুক্রবার (১৭ জুলাই) পরিচালিত এ অভিযানে পৃথক এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে তিনজন, চুরির মামলার এক আসামি, নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামি, এনআই অ্যাক্টের মামলায় ৩০ দিনের সাজাপ্রাপ্ত এক আসামি, একটি হত্যা চেষ্টা মামলার এক এজাহারভুক্ত আসামি এবং দুটি পৃথক মামলার দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
আরপিএমপি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে।