শিরোনাম

ফেনী, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় নাজমা বেগম (৩৭) নামের এক গৃহবধু নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের চরলালা গ্রামের হাজী জাগির আহমেদ সওদাগর বাড়ির জসিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাজমা বেগম তার স্বামীর বাড়ি থেকে ছাগলনাইয়া পৌরসভার পিতার বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন মুহুরীগঞ্জ স্টার লাইন বাস কাউন্টারের সামনে সড়ক পারাপারের সময় ফেনীর দিক থেকে আসা একটি মিনিবাস (চট্রমেট্রো-জ-১১-২০৯৫) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় নাজমা বেগমকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আবু নোমান জানান গাড়িটি থানা হেফাজতে আনা হয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের বাসস’কে বলেন, এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।