শিরোনাম

বাগেরহাট, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : বাগেরহাটের সার্বিক এবং আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পেশাজীবী ও সুধীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে শুক্রবার রাতে জেলা পরিষদ ভবনের সোনাতলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, যুক্তরাষ্ট্র প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম এবং বাগেরহাট অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক ও যুগ্ম সচিব জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পাশাপাশি প্রশাসন ও রাজনৈতিক দলের সমন্বিত উদ্যোগে দেশের টেকসই এবং মানবসম্পদ উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, যাতে দেশের মানুষ উন্নত চিকিৎসা ও শিক্ষা সুবিধা নিজ দেশেই পায়। বাগেরহাটের অবকাঠামোগত উন্নয়ন, বিমানবন্দর নির্মাণ, সড়ক যোগাযোগের সম্প্রসারণ এবং উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জেলার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, খুলনা-মোংলা মহাসড়কের উন্নয়ন, বিমানবন্দর নির্মাণ এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণ বাগেরহাটের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ এবং তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের ওপর মানুষের নির্ভরশীলতাও কমবে।
তিনি আরও বলেন, লবণাক্ত পানি ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে চিংড়ীর পাশাপাশি কৃষি উৎপাদনেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং বিনিয়োগ বৃদ্ধির পথ সুগম হবে।
সভায় জেলার সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক সুধীজন অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা বাগেরহাটের আঞ্চলিক উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে বিভিন্ন সুপারিশ ও দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন।
এরআগে সন্ধ্যায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মরহুম বাদল মোড়লের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং একটি প্রতিবাদ সভায় যোগ দেন।
পরে তারা বাগেরহাট সার্কিট হাউসে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।