শিরোনাম

নরসিংদী, ১৭ জুলাই ২০২৬ (বাসস) : জেলার রায়পুরা উপজেলায় আজ পানিতে ডুবে নিপা (৭) ও জান্নাতি (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে এ ঘটনা ঘটে।
মৃত শিশু নিপা জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। অপর মৃত শিশু জান্নাতি একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে। উভয় শিশু ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু নিপা ও জান্নাতি সহ কয়েকজন মিলে বাড়ির সামনে নামারচর বিলে গোসল করতে যায়। একপর্যায়ে নিপা ও জান্নাতি উভয়ে পানিতে ডুবে যায়। এসময় তাদের সাথে থাকা অন্য শিশুরা আশেপাশের লোকজনদের ডেকে আনলে নিপা ও জান্নাতি পানি থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভেলুয়ারচর থেকে দুই শিশুকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।