বাসস
  ১৭ জুলাই ২০২৬, ২২:৩০

রংপুরে নারী নেতৃত্ব বিকাশে দি হাঙ্গার প্রজেক্টের ফাউন্ডেশন কোর্স 

ছবি: বাসস

রংপুর, ১৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেন্ডার সমতা অর্জন এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে নারী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে রংপুরে তিন দিনব্যাপী ‘২৬৪ তম নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স’ গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের রংপুর অঞ্চলের বিকশিত নারী নেটওয়ার্ক আয়োজিত রংপুর এনজিও ফোরাম হলরুমে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও রংপুর জেলা কমিটির সভাপতি সামসিয়ারা জামান কলি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী নারী নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণ নারীদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা উন্নয়ন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৬ জন নারী অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণে সহায়ক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের প্রশিক্ষণ ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারী, সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল এবং রংপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু।