বাসস
  ১৭ জুলাই ২০২৬, ২২:২০

রংপুরে ডিবি’র অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

রংপুর, ১৭ জুলাই, ২০২৬ (বাসস) : নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টার অভিযোগে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বাসস’কে এ কথা জানান।

মহানগর এলাকায় মাদক, চোরাচালান, অবৈধ ব্যবসা, ওয়ারেন্ট তামিল, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল এসআই (নিরস্ত্র) আসাদুজ্জামানের নেতৃত্বে কোতোয়ালি থানাধীন রংপুর সিটি করপোরেশন বাজার এলাকার মেসার্স সুবাহ স্টোরে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরপিএমপি জানায়, নকল ব্যান্ডরোল ব্যবহার, চোরাচালান ও রাজস্ব ফাঁকির মতো অপরাধের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।