শিরোনাম

নোয়াখালী, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার বেগমগঞ্জের চৌমুহনীতে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা এবং ১টি দামি জিপ গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ ও বিপ্লব।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে চৌমুহনী পৌরসভার করিমপুরস্থ রূপসা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।
এ সময় আসামিদের ব্যবহৃত একটি কালো রঙের জিপ গাড়ি তল্লাশি করে গাড়ির পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের ভেতরে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে রাখা ছিল। গ্রেপ্তার দু’জনের বাড়িই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
পুলিশ সুপার আরো জানান, আটক আসামি মো. পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদক নিয়ন্ত্রণে বেগমগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।